দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় দেশের প্রায় ৫০ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করা হবে এবং ৩০ অক্টোবরের মধ্যে তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ছেলেদের জন্য বাধ্যতামূলক, মেয়েদের জন্য ঐচ্ছিক
মাহদী আমিন জানান, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
তিনি বলেন, ছাত্রদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক, তবে ছাত্রীদের জন্য এটি ঐচ্ছিক রাখা হয়েছে।
তাঁর ভাষ্য, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রতিযোগিতার আওতায় আনা হবে, যাতে শহর ও গ্রামের শিক্ষার্থীরা সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়।
‘দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চাই’
সংবাদ ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য শুধু একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া, সৃজনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা।
তিনি বলেন, ‘আমরা চাই দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক। প্রধানমন্ত্রী সব সময় বলে এসেছেন, আগামী শিক্ষাব্যবস্থা এমন হবে যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে।’
তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করবে।
বৈষম্য কমানোর লক্ষ্য
মাহদী আমিন বলেন, নতুন শিক্ষাব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষায় সমতা নিশ্চিত করা এবং শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের বৈষম্য কমিয়ে আনা।
তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে একটি অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার।
উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রীর উপস্থিতির আশা
প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা জানান, প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে তারা আশা করছেন।
এ ছাড়া প্রতিযোগিতার ফাইনাল খেলাতেও প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা।
স্টিয়ারিং কমিটির সভায় যারা উপস্থিত ছিলেন
সচিবালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুধু একটি জাতীয় ফুটবল প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা বিকাশের পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াচর্চাকে আরও গতিশীল করার একটি বৃহৎ উদ্যোগ।