ঢাকা

নেতৃত্ব ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ার সুযোগ, ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পরিচালিত ড্যাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭–এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের যোগ্য শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ড্যাডের এ কর্মসূচির মাধ্যমে জার্মানিতে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা অর্জনকারী সাবেক শিক্ষার্থীদের একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে তোলা হয়। নির্বাচিত ইয়াং অ্যাম্বাসেডররা নিজ নিজ দেশে জার্মানির উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার এবং শুরুতে নির্বাচিতদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

কী এই ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম

জার্মানির বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং ড্যাডের বিভিন্ন বৃত্তি কর্মসূচি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ চালু করেছে ড্যাড। কর্মসূচিতে অংশ নেওয়া অ্যাম্বাসেডররা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন, শিক্ষা মেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের প্রশ্নের উত্তর দেবেন।

নির্বাচিতদের দায়িত্ব

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে জার্মানির উচ্চশিক্ষা কাঠামো, গবেষণার সুযোগ, ড্যাডের বিভিন্ন স্কলারশিপ এবং অর্থায়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে ইয়াং অ্যাম্বাসেডররা—

বিভিন্ন শিক্ষা ও ক্যারিয়ার মেলা, সেমিনার ও তথ্যসেশনে ড্যাডের প্রতিনিধিত্ব করবেন।
জার্মানিতে পড়াশোনা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ দেবেন।
নিজেদের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে অন্যদের উৎসাহিত করবেন।
জার্মানির উচ্চশিক্ষাবিষয়ক নির্ভরযোগ্য তথ্য ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।
কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীদের নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে—

বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা অন্য কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৩২ বছরের কম হতে হবে।
২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য বাধ্যতামূলক ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী ও প্রস্তুত থাকতে হবে।
বর্তমানে জার্মানিতে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন

ড্যাডের নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের প্রথমে অনলাইনে নিজেদের যোগ্যতা যাচাই করতে হবে। এরপর নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সাধারণত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি), সাম্প্রতিক ছবি এবং প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে হয়।

আবেদনের শেষ সময়

ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭–এ আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স