ঢাকা

যুক্তরাষ্ট্রে ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ, এফএলটিএ প্রোগ্রামে আবেদন শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশি শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও শিক্ষা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রাম। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে এই কর্মসূচির আওতায় নির্বাচিত বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখানোর সুযোগ পাবেন। একই সঙ্গে তারা আমেরিকান উচ্চশিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

ঢাকার মার্কিন দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) পরিচালিত এই শিক্ষা বিনিময় কর্মসূচির জন্য আবেদন গ্রহণ চলছে। আগ্রহীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩০ আগস্ট ২০২৬, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।

যাঁরা আবেদন করতে পারবেন

এই কর্মসূচির জন্য বাংলাদেশের যেসব তরুণ শিক্ষক বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমেরিকান স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান বা ইংরেজি সাহিত্য এবং বাংলা ভাষা বিষয়ে শিক্ষকতা করছেন, তারা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতাগুলো হলো—

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে সাত বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
টোয়েফলে ন্যূনতম ৮০ অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭.০ স্কোর থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
নির্ধারিত নিয়ম অনুসারে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।
কী করবেন নির্বাচিত ফেলোরা

ফুলব্রাইট এফএলটিএ একটি ৯ মাস মেয়াদি নন-ডিগ্রি শিক্ষা বিনিময় কর্মসূচি। নির্বাচিত ফেলোরা যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন এবং ভাষা শিক্ষার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন।

প্রোগ্রামের আওতায় অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত ভাষা ক্লাসে সহায়তা করবেন। পাশাপাশি প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স সম্পন্ন করতে হবে, যার মধ্যে একটি হবে আমেরিকান স্টাডিজ বিষয়ক।

এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো ভাষা শিক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। ফলে অংশগ্রহণকারীরা শুধু শিক্ষকতার অভিজ্ঞতাই অর্জন করবেন না, বরং আন্তর্জাতিক পরিবেশে কাজ করার সক্ষমতা, ইংরেজি ভাষার দক্ষতা এবং পেশাগত নেতৃত্বের গুণাবলিও উন্নত করতে পারবেন।

বাংলাদেশ ২০০৬ সাল থেকে ফুলব্রাইটের এই শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে।

আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। সেগুলো হলো—

অনলাইন আবেদন ফরম।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।
তিনজন সুপারিশকারীর পৃথক তিনটি সুপারিশপত্র, যা তারা সরাসরি অনলাইন আবেদন পোর্টালে আপলোড করবেন।
একাডেমিক রেকর্ড-সংক্রান্ত নির্ধারিত তথ্যপত্র।
টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার স্কোর সনদ।
যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের প্রথমে অনলাইন আবেদন পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ আগস্ট ২০২৬, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।

মার্কিন দূতাবাস জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগেভাগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স