ঢাকা

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ভারতের প্রতি অসন্তোষ জানাল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ভারতের রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ঢাকা গভীর অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে।

সরকারের বক্তব্য অনুযায়ী, জুলাই আন্দোলনের বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা এবং তাঁর সহযোগীদের বক্তব্যে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণকে লক্ষ্য করে উসকানিমূলক ও বিভেদমূলক মন্তব্য করা হয়েছে বলে তাদের অভিযোগ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অনুষ্ঠান আয়োজনের আগে ভারত সরকারকে সম্ভাব্য কূটনৈতিক প্রভাব সম্পর্কে অবহিত করা হয়েছিল। বাংলাদেশ মনে করে, এমন আয়োজন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, যখন বাংলাদেশ জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই সময় ভারতের মাটিতে শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়া দেশের সার্বভৌমত্ব এবং আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি অসম্মানজনক বলে সরকার মনে করছে।

সরকার আরও দাবি করেছে, ২০২৪ সালের জুলাই–আগস্টের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত বিভিন্ন তথ্য অস্বীকারের মাধ্যমে অতীতের ঘটনাপ্রবাহকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, বাংলাদেশের জনগণ গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে আপসহীন অবস্থানে রয়েছে এবং অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

একই সঙ্গে সরকার পুনর্ব্যক্ত করেছে যে, পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ভারতের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এর পরিবর্তে তাঁকে ভারতের মাটিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশ জনমতের জন্য সংবেদনশীল এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অকল্যাণকর হিসেবে দেখছে।

জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতে অবস্থানকালে তিনি এর আগে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ও বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেও দিল্লির কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এভাবে অংশ নেওয়া ছিল প্রথম।

এদিকে কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একাধিকবার ভারতকে অনুরোধ জানিয়েছে, যাতে ভারতের ভূখণ্ড কোনো বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্যের জন্য ব্যবহার না হয়। বাংলাদেশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

এ বিষয়টি ঢাকায় ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনাতেও বাংলাদেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স