ঢাকা

প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে ঢাবি আইবিএর কোর্সে আবেদন, সুযোগ সব পেশাজীবীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশের সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতে দক্ষ প্রকল্প ব্যবস্থাপক ও প্রজেক্ট লিডার তৈরির লক্ষ্যে ছয় সপ্তাহের বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট কমপিটেনসিজ ফর প্রফেশনালস (পিএমসি)’ নামের এ কোর্সে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী পেশাজীবীরা আবেদন করতে পারবেন।

প্রায় ছয় দশক ধরে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও আধুনিক এক্সিকিউটিভ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের পেশাগত অঙ্গনে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রেখে আসছে আইবিএ। দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ প্রকল্প ব্যবস্থাপকের চাহিদাও বাড়ছে। সরকারি উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বেসরকারি বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ, ব্যবসায়িক উদ্যোগ ও সামাজিক উন্নয়ন কর্মসূচি—সব ক্ষেত্রেই পরিকল্পনা, বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও মূল্যায়নে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা রয়েছে। এই চাহিদা বিবেচনায় নিয়েই পেশাজীবীদের জন্য বিশেষায়িত কোর্সটি আয়োজন করেছে আইবিএ।

আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ছয় সপ্তাহের এই কোর্সে আধুনিক প্রকল্প ব্যবস্থাপনার মৌলিক ও উন্নত কৌশলগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের পাঠ্যক্রমে প্রজেক্ট ডিজাইন, প্রজেক্ট সিলেকশন, স্কোপ ও কস্ট ম্যানেজমেন্ট, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, অ্যাকটিভিটি প্ল্যানিং, শিডিউলিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আইবিএ জানিয়েছে, কোর্সটি শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রশিক্ষণার্থীদের বাস্তব প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা তৈরির জন্য শ্রেণিকক্ষের আলোচনা, গ্রুপ এক্সারসাইজ ও প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে। আইবিএর অভিজ্ঞ শিক্ষক, দেশের বিভিন্ন খাতের প্রখ্যাত বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের প্র্যাকটিশনাররা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

যাঁদের জন্য কোর্সটি

কোর্সটি মূলত কর্মজীবী ও পেশাজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ারে অগ্রগতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বর্তমানে টিম লিডার, প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, টেকনিক্যাল লিড, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট এবং মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন স্পেশালিস্ট হিসেবে কর্মরত ব্যক্তিরা এতে অংশ নিতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে এসব দায়িত্বে কাজ করতে আগ্রহী পেশাজীবীরাও কোর্সটির জন্য আবেদন করতে পারবেন।

বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থায় উন্নয়ন প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের জন্যও কোর্সটি গুরুত্বপূর্ণ হতে পারে। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ সমীক্ষা, অবকাঠামোগত প্রকল্প, ব্যবসায়িক উদ্যোগ বা মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার সঙ্গে যুক্ত পেশাজীবীরা এখান থেকে প্রকল্প ব্যবস্থাপনার ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

উন্নয়ন খাতের কর্মকর্তাদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত পেশাজীবীরা প্রকল্পের নকশা, বাস্তবায়ন, ঝুঁকি চিহ্নিতকরণ, সময় ও ব্যয় নিয়ন্ত্রণ এবং ফলাফল মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন।

আবেদনের যোগ্যতা

কোর্সে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তবে ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার।

আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন সম্পন্ন করার পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হবে। নির্বাচিত প্রার্থীকে কোর্স ফি হিসেবে মোট ৩২ হাজার টাকা পরিশোধ করতে হবে।

ছুটির দিনে ক্লাস

চাকরিজীবী ও কর্মরত পেশাজীবীদের কথা বিবেচনা করে কোর্সের ক্লাস সাপ্তাহিক ছুটির দিনে আয়োজন করা হয়েছে। ঢাকার আইবিএ ক্যাম্পাসে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ছয়টি সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস অনুষ্ঠিত হবে।

এ ধরনের সময়সূচির ফলে নিয়মিত চাকরি বা পেশাগত দায়িত্বের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন কর্মজীবীরা। একই সঙ্গে শ্রেণিকক্ষের শিক্ষা, দলগত অনুশীলন ও উপস্থাপনার মাধ্যমে বাস্তব প্রকল্প পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।

কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বেসরকারি খাত, অবকাঠামো, শিল্প, ব্যবসা এবং উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমও ক্রমেই প্রকল্পনির্ভর হয়ে উঠছে। একটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং অনুমোদিত ব্যয়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়, ঝুঁকি মোকাবিলা এবং প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করতে দক্ষ প্রকল্প ব্যবস্থাপনা অপরিহার্য।

এই বাস্তবতায় প্রকল্প ব্যবস্থাপনার পেশাগত দক্ষতা অর্জন চাকরিজীবীদের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের জন্য এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে।

আইবিএর পিএমসি কোর্সে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়ায় বিভিন্ন পেশার মানুষের জন্য এটি প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে কাঠামোবদ্ধ ও পেশাগত ধারণা অর্জনের একটি সুযোগ তৈরি করছে।

যোগাযোগ ও বিস্তারিত তথ্য

কোর্সসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ঢাকার আইবিএ ভবনের চতুর্থ তলায় কক্ষ ৪০২, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া মোবাইল নম্বর +৮৮-০১৭৬৬৯৯৩৩৯০ এবং ই-মেইল mdp@iba-du.edu-এর মাধ্যমেও তথ্য নেওয়া যাবে। আবেদন ও কোর্সসংক্রান্ত বিস্তারিত তথ্য আইবিএর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

সীমিত আসনের এ কোর্সে আবেদন করার শেষ সময় ২০ আগস্ট। ফলে প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে আগ্রহী সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, উন্নয়নকর্মী এবং অন্যান্য পেশাজীবীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স