সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের সবাই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন—বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম রাত সাড়ে ১২টার দিকে ১০ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়েছিলেন নিহতরা। পরে রিয়াদ শহরের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় তাঁরা কাজ নেন। রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাতজন প্রবাসী শ্রমিক রয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, সৌদি আরবের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক
এ ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ ও ঘটনাস্থলের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।