ঢাকা

ঢাবির ইইই বিভাগে এমএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ, আবেদন করতে পারবেন ও-এ লেভেল পাসরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে নিয়মিত মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি, উচ্চতর গবেষণা এবং শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে এ প্রোগ্রাম সাজানো হয়েছে।

দেড় বছর মেয়াদি এ এমএসসি প্রোগ্রাম তিন সেমিস্টারে সম্পন্ন হবে। এতে মোট ৩৬ ক্রেডিটের পাঠ্যক্রম রয়েছে। বিভাগের নির্ধারিত সূচি অনুযায়ী সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামটিতে একাডেমিয়া, শিল্প খাত, গবেষণা ও উন্নয়ন এবং ভবিষ্যতে ডক্টরাল বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় উন্নত ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ ও পেশাগত লক্ষ্য অনুযায়ী এমএসসি প্রোগ্রামে চারটি বিশেষায়িত স্ট্রিম রাখা হয়েছে। এগুলো হলো—ইলেকট্রনিকস অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স, কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এবং পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং।

যেসব বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে

এমএসসি প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত দেশি কিংবা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে।

আবেদনের জন্য গ্রহণযোগ্য শিক্ষাগত যোগ্যতার তালিকায় রয়েছে—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং।

তবে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শেষ সেশন ২০২৩–২৪-এর পরের হতে পারবে না। পাশাপাশি প্রার্থীর বিএসসি ডিগ্রিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও নির্দিষ্ট ফলাফলের শর্ত রাখা হয়েছে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে।

ও ও এ লেভেল পাস প্রার্থীদের সুযোগ

এমএসসি প্রোগ্রামে ও লেভেল এবং এ লেভেল পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে অন্তত দুটি বিষয়ে পাস থাকতে হবে।

গ্রেডের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। প্রার্থীর ফলাফলে অন্তত দুটি বিষয়ে এ গ্রেড, তিনটি বিষয়ে বি গ্রেড এবং বাকি দুটি বিষয়ে সি গ্রেড থাকতে হবে।

অর্থাৎ, প্রচলিত এসএসসি-এইচএসসি শিক্ষাব্যবস্থার পাশাপাশি ও লেভেল-এ লেভেল সম্পন্ন করা যোগ্য প্রার্থীদেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের এই এমএসসি প্রোগ্রামে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

ছয় বিষয়ে লিখিত পরীক্ষা

যোগ্যতা পূরণ করে আবেদন করার পর প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ভাইভা বা মৌখিক পরীক্ষা থাকবে।

লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছয়টি বিষয়ে বিভক্ত থাকবে। প্রতিটি বিষয়ে ১৫ নম্বর করে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—

ইঞ্জিনিয়ারিং ফিজিকস
ইলেকট্রনিকস (অ্যানালগ ও ডিজিটাল)
ইলেকট্রিক্যাল সার্কিটস
ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড মেশিনস
কম্পিউটার ফান্ডামেন্টালস
কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ৯০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৬ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ১০ নম্বরের ভাইভায় অংশ নিতে হবে।

ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মূলত মেধাতালিকা প্রস্তুত করা হবে। পরবর্তী সময়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ বা বিশেষায়িত স্ট্রিমে বিন্যাস করা হবে।

আবেদন ফি ২ হাজার ২০০ টাকা

এমএসসি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা। নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে এ ফি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার শেষ সময় ৮ সেপ্টেম্বর।

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের ওয়েবসাইট: du-eee.admission-aid.com

প্রোগ্রামের ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতেও জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স