ঢাকা

রূপপুরের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ অনুমোদনের অপেক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মূল্যায়নের পূর্ণাঙ্গ প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন মিললেই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ বা ‘সি স্টেজ’-এ প্রবেশ করবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ অক্টোবরের দিকে পরীক্ষামূলক পাওয়ার স্টার্টআপ শুরু হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বায়েরার আনুষ্ঠানিক অনুমোদনের ওপর নির্ভর করছে।

এদিকে, প্রকল্পের সামগ্রিক অগ্রগতি পরিদর্শনে বাংলাদেশ সফররত রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। শুক্রবার রাশিয়ার দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রথম ইউনিটের রিয়্যাক্টরের ক্রিটিক্যাল পর্যায়সহ বিভিন্ন কারিগরি অগ্রগতির বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করা হয়েছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বি-২ ধাপের সব জটিল পরীক্ষা শতভাগ সফল হয়েছে এবং এর প্রতিবেদন বায়েরার কাছে হস্তান্তর করা হয়েছে। এখন নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত পেলেই পাওয়ার স্টার্টআপের কাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু করে, প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হওয়ার সাপেক্ষে উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে।

প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যাশা, প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত হলে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ যুক্ত করা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স