ঢাকা

দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরছেন ২ পুলিশ সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করায় আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে আজ শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান যে, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা আনমনায় ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিলেন এবং এ ব্যাপারে বিএসএফের সঙ্গে আলোচনা সাপেক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকার ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া থানার একটি দল মাদকবিরোধী অভিযানে গেলে এক মাদক কারবারিকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান ভারতের অভ্যন্তরে চলে যান এবং স্থানীয় নাগরিকদের হাতে আটক হন। পরবর্তীতে তাকে উদ্ধারের জন্য দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন এগিয়ে গেলে তাকেও আটক করা হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত বিএসএফ সদস্যদের নিকট তাদের হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালের ১০ অক্টোবর ঠিক একই সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করার কারণে র‍্যাব-১১ এর তিন সদস্য ও দুই সোর্স আটকের শিকার হয়েছিলেন, যাদের পরবর্তীতে দুই দেশের মধ্যকার ফলপ্রসূ পতাকা বৈঠকের মাধ্যমেই সফলভাবে দেশে ফেরত আনা সম্ভব হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স