ঢাকা

ক্যাডেট কলেজে ভর্তি: নম্বর কমানোর সিদ্ধান্ত, আবেদন ১ নভেম্বর থেকে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর সকাল ৮টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

এবার ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার নম্বরেও পরিবর্তন আনা হয়েছে। লিখিত পরীক্ষার মোট নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজি, গণিত ও বাংলার পাশাপাশি বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির জন্য আবেদন করতে হবে ক্যাডেট কলেজের নির্ধারিত ওয়েবসাইট www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd–এর মাধ্যমে।

ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা

ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের প্রশিক্ষণ ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়।

দেশে বর্তমানে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবেদনকারী শিক্ষার্থী এবং তাঁর মা–বাবা—উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।

বয়সের ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে। আবেদনকারীর উচ্চতা হতে হবে কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি। এ ছাড়া শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর

২০২৭ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২৬। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বেলা ১টা পর্যন্ত।

ভর্তি প্রক্রিয়া মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে হবে।

মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সব ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষায় ১০০ নম্বর কমল

ক্যাডেট কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী, লিখিত পরীক্ষার মোট নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় পরীক্ষার নম্বর কমেছে ১০০।

নতুন নম্বরবণ্টন অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বরের পরীক্ষা হবে। বাকি ২০ নম্বর নির্ধারিত রয়েছে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ে।

বিষয়ভিত্তিক নম্বরবণ্টন নিচে দেওয়া হলো—

  • ইংরেজি: ৬৫ নম্বর

  • গণিত: ৭০ নম্বর

  • বাংলা: ৪৫ নম্বর

  • বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা: সম্মিলিতভাবে ২০ নম্বর

সব মিলিয়ে লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরে। পরীক্ষার্থীরা বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের নতুন সিলেবাস ও নম্বরবণ্টন অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ইংরেজি, গণিত ও বাংলায় মোট ১৮০ নম্বর থাকায় বিষয় তিনটির প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনলাইনে আবেদন করবেন যেভাবে

ক্যাডেট কলেজে ভর্তির আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ক্যাডেট কলেজের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদনপ্রক্রিয়া শুরু করা যাবে।

আবেদনের জন্য প্রথমে নিবন্ধন করে ব্যবহারকারীর পরিচিতি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত তথ্য দিয়ে লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি নির্দেশনা অনুযায়ী কাগজপত্র ও ছবি আপলোড করতে হবে।

আবেদন জমা দেওয়ার আগে ফরমে দেওয়া তথ্য এবং আপলোড করা নথিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। আবেদন সম্পন্ন করার ক্ষেত্রে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা

২০২৭ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ ও রকেটের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে।

আবেদন শুরুর তারিখ ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা। আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর বিকেল ৫টা। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ ও ফি পরিশোধের কাজ শেষ করতে হবে।

ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি: ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স