রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ শনিবার চার ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে নির্দিষ্ট সময়ের জন্য এই সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লক। এ ছাড়া আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকও এই সাময়িক সমস্যার আওতায় থাকবেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কাজ সম্পন্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।