ঢাকা

পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় জামিন পেলেন আরও ৪০ বিডিআর জওয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
পিলখানা ট্র্যাজেডি পিলখানা ট্র্যাজেডি

২০০৯ সালের পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে থাকা ৪০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। সোমবার (১২ মে) ট্রাইব্যুনাল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিচারিক সূত্রে জানা গেছে, আসামিদের জামিন আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে আদালত সন্তুষ্ট হয়ে ৪০ জনকে জামিন দেন। তবে একই মামলায় আরও অনেক আসামির জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।

জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, ইমতিয়াজ আহমেদ নবীনসহ আরও অনেকে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি একই মামলায় ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দেন আদালত। এরপর ২৩ জানুয়ারি তারা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের হয়।

হত্যা মামলার রায়ে ২০১৩ সালে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

পরে হাইকোর্টে শুনানি শেষে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন।

এদিকে, বিস্ফোরক মামলার বিচার এখনও শেষ হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স