ঢাকা

আন্তর্জাতিক অভিজ্ঞতার সুযোগ: এডিবিতে ইন্টার্নশিপ, কাজ ম্যানিলায়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু করেছে। স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তরে কাজের সুযোগ পাবেন।

সংস্থাটির ঘোষণায় বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর মার্চ ও এপ্রিল মাসে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচিতদের ইন্টার্নশিপ শুরু হবে জুন মাসে এবং এর মেয়াদ থাকবে ৮ থেকে ১২ সপ্তাহ।

এডিবির এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নয়ন অর্থনীতি, অবকাঠামো, জলবায়ু পরিবর্তন, নীতি বিশ্লেষণসহ বিভিন্ন খাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পাশাপাশি বহুজাতিক কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প সম্পর্কে ধারণা লাভের সুযোগও তৈরি হয়।

যেসব বিভাগে ইন্টার্ন নেওয়া হবে

২০২৬ সালের ব্যাচে এডিবির সদর দপ্তরের বিভিন্ন বিভাগে ইন্টার্ন নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিভাগ হলো—

  • অডিটর জেনারেলের কার্যালয়

  • সেক্টরস ডিপার্টমেন্ট (এসডি–১, এসডি–২ ও এসডি–৩)

  • তথ্যপ্রযুক্তি বিভাগ

  • ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়

  • অর্থনৈতিক গবেষণা ও উন্নয়ন প্রভাব বিভাগ

  • বেসরকারি খাত পরিচালনা বিভাগ

  • জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগ

  • ট্রেজারি বিভাগ

  • সুরক্ষা (সেফগার্ডস) কার্যালয়

  • মধ্য ও পশ্চিম এশিয়া বিভাগ

এ ছাড়া এডিবির অন্যান্য সংশ্লিষ্ট বিভাগেও ইন্টার্নশিপের সুযোগ থাকতে পারে।

আবেদনের যোগ্যতা

ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীদের কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • এডিবির সদস্যভুক্ত দেশের নাগরিক হতে হবে

  • ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে

  • পুরো ইন্টার্নশিপ সময়জুড়ে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে

  • এডিবির কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করতে হবে

এ ছাড়া যেসব প্রার্থীর দুই থেকে তিন বছরের প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এডিবির ক্যারিয়ার পোর্টাল ADB Career and Employment System (ACES)–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি) এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকার প্রমাণ হিসেবে ভর্তি সনদ জমা দিতে হবে।

আবেদন যাচাই–বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণদের মধ্য থেকেই চূড়ান্তভাবে ইন্টার্ন নির্বাচন করা হবে।

আবেদনের শেষ সময়

এডিবির ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করার শেষ তারিখ ১৬ মার্চ ২০২৬।

ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে এডিবির অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টাল পরিদর্শন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স