পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং রিজার্ভ—টিআর) মো. মাসুদুর রহমান ভূঞাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে থাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক এবং একই মন্ত্রণালয়ের ওএসডি মোহা. আবদুল আলীম মাহমুদকেও চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন ২০১৮–এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, আবু হাসান মুহম্মদ তারিক ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। অন্য চারজন কর্মকর্তা ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য।
গত বছরের ২৭ জুলাই ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদ থেকে আবু হাসান মুহম্মদ তারিককে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তিনি ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান এবং ওই বছরের ২ ফেব্রুয়ারি রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ ছাড়া গত বছরের ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছিল।