ঢাকা

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে র‍্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


গণহত্যা দিবস (২৫ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জাতীয় গুরুত্বপূর্ণ এই দুটি দিবসকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় প্যারেড গ্রাউন্ডসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হবে। এসব আয়োজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। ২৫ ও ২৬ মার্চ ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রাজধানীসহ বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে আয়োজিত কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া শহরের প্রবেশ ও বাহিরমুখী পথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স