ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জোর গুঞ্জন উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, চলতি মৌসুম শেষ হওয়ার পরই সিটির দায়িত্ব ছাড়তে পারেন এই স্প্যানিশ কোচ।
যদি শেষ পর্যন্ত এমনটাই হয়, তাহলে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি হতে পারে ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার শেষ উপস্থিতি। প্রায় এক দশক ধরে সিটির ডাগআউটে তাঁর উপস্থিতি ইংলিশ ফুটবলের চেহারাই বদলে দিয়েছে।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সময় অনেকেই সন্দেহ করেছিলেন, স্পেন ও জার্মানিতে সফল হওয়া তাঁর কৌশল ইংল্যান্ডের দ্রুতগতির ফুটবলে কতটা কার্যকর হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গার্দিওলা শুধু সফলই হননি, বরং প্রিমিয়ার লিগে আধিপত্যের নতুন মানদণ্ড তৈরি করেছেন।
তাঁর অধীনে সিটি জিতেছে একের পর এক বড় শিরোপা। ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফির পাশাপাশি এসেছে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা। গত কয়েক বছরে ইংলিশ ফুটবলে সিটির যে আধিপত্য দেখা গেছে, তার মূল কারিগর হিসেবেই বিবেচনা করা হয় গার্দিওলাকে।
খবরে বলা হয়েছে, ক্লাবের ভেতরে গার্দিওলার বিদায়ের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এমনকি স্পনসর ও ঘনিষ্ঠ মহলেও বিষয়টি নিয়ে আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোচের বিদায় উপলক্ষে বড় ধরনের আয়োজনের পরিকল্পনাও করছে ম্যানচেস্টার সিটি। শহরের রাস্তায় ছাদখোলা বাসে শোভাযাত্রার মাধ্যমে তাঁকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকটি নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে আছেন চেলসির সাবেক কোচ এনজো মারেসকা এবং বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানি, যিনি একসময় সিটির অধিনায়ক ছিলেন।
তবে বিদায়ের আগে গার্দিওলার সামনে এখনো মৌসুমটা সাফল্যের সঙ্গে শেষ করার সুযোগ রয়েছে। এফএ কাপ জয়ের পর প্রিমিয়ার লিগের লড়াইয়েও এখনো টিকে আছে সিটি। সামনে বোর্নমাউথের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা।