উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার শিক্ষার্থী আবেদন করলেও তাদের সবার বিদেশে পড়তে যাওয়ার সুযোগ হয় না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পরও অনেক শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হয়ে যায়। ফলে ভর্তি নিশ্চিত থাকলেও নির্ধারিত সময়ে বিদেশে যাওয়া সম্ভব হয় না।
বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের কারণ হয় আবেদনকারীর কিছু সাধারণ ভুল। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ভুল তথ্য দেওয়া, আর্থিক সক্ষমতার পর্যাপ্ত প্রমাণ দেখাতে না পারা কিংবা সাক্ষাৎকারে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়া—এসব কারণেই অধিকাংশ আবেদন নাকচ হয়। তবে আবেদন প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বন করলে এসব ভুল সহজেই এড়ানো সম্ভব।
নিচে স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হওয়ার আটটি প্রধান কারণ তুলে ধরা হলো—
১. অসম্পূর্ণ বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া
স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ ও সঠিকভাবে জমা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। ভর্তি নিশ্চিতকরণপত্র, পাসপোর্ট, শিক্ষাগত সনদ, ব্যাংক স্টেটমেন্ট, ভাষা দক্ষতার সনদ কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কোনোটি অনুপস্থিত থাকলে বা অসম্পূর্ণ হলে আবেদন বাতিল হতে পারে। এমনকি ভুল ফরম্যাটে নথি জমা দিলেও জটিলতা তৈরি হতে পারে।
২. আবেদনপত্রে ভুল বা অসংগত তথ্য দেওয়া
আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা কিংবা অন্যান্য তথ্য ভুলভাবে উল্লেখ করলে তা ভিসা কর্মকর্তার কাছে আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া যেমন গুরুতর অপরাধ, তেমনি অসাবধানতাবশত ভুল তথ্য দিলেও আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে। তাই আবেদন জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য একাধিকবার যাচাই করার পরামর্শ দেওয়া হয়।
৩. পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে না পারা
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আবেদনকারী নিজের টিউশন ফি, আবাসন, জীবনযাত্রার ব্যয় ও অন্যান্য খরচ বহন করতে পারবেন কি না—সেটি ভিসা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
যদি পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স, স্পনসরের আর্থিক সক্ষমতা বা অন্যান্য গ্রহণযোগ্য আর্থিক নথি উপস্থাপন করা না যায়, তাহলে ভিসা আবেদন নাকচ হওয়ার সম্ভাবনা থাকে।
৪. ভিসা সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স না করা
যেসব দেশে ভিসা সাক্ষাৎকার বাধ্যতামূলক, সেখানে আবেদনকারীর আত্মবিশ্বাস, উত্তর দেওয়ার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
সাক্ষাৎকারে অসংগতিপূর্ণ উত্তর দেওয়া, নিজের পড়াশোনার লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারা কিংবা বিদেশে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আবেদন নেতিবাচকভাবে মূল্যায়িত হতে পারে।
৫. দুর্বল একাডেমিক ফলাফল
কিছু দেশের ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীর পূর্ববর্তী একাডেমিক ফলাফলও বিবেচনায় নেয়।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং নির্বাচিত কোর্সের সঙ্গে আবেদনকারীর শিক্ষাগত সক্ষমতা সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়ন করা হয়। দুর্বল ফলাফল থাকলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ব্যাখ্যা বা গ্রহণযোগ্য কারণ দেখাতে হতে পারে।
৬. শিক্ষা বা চাকরিজীবনে দীর্ঘ বিরতির যৌক্তিক ব্যাখ্যা না থাকা
শিক্ষাজীবন বা কর্মজীবনে দীর্ঘ সময়ের বিরতি থাকলে তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়।
যদি আবেদনকারী সেই সময় কী করেছেন বা কেন বিরতি নিয়েছেন, তার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে ভিসা কর্মকর্তা আবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন। ফলে আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি বাড়ে।
৭. একাডেমিক বা পেশাগত পটভূমির সঙ্গে অসংগতিপূর্ণ কোর্স নির্বাচন
ভিসা কর্মকর্তারা সাধারণত খতিয়ে দেখেন, আবেদনকারী যে বিষয়ে পড়তে যাচ্ছেন, সেটি তার আগের পড়াশোনা বা পেশাগত অভিজ্ঞতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
যদি কোনো আবেদনকারী নিজের পূর্ববর্তী একাডেমিক বা পেশাগত পটভূমির সঙ্গে সম্পর্কহীন কোনো কোর্স নির্বাচন করেন এবং তার যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে আবেদনটি প্রশ্নবিদ্ধ হতে পারে।
৮. ভাষাগত দক্ষতার শর্ত পূরণে ব্যর্থ হওয়া
বেশির ভাগ দেশেই বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাষা দক্ষতার প্রমাণ বাধ্যতামূলক।
আইইএলটিএস (IELTS), টোয়েফল (TOEFL), পিটিই (PTE) বা সমমানের পরীক্ষায় প্রয়োজনীয় স্কোর অর্জন করতে না পারলে স্টুডেন্ট ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের নির্ধারিত ভাষাগত যোগ্যতার শর্ত ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।
আবেদনকারীদের জন্য পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, বিদেশে উচ্চশিক্ষার জন্য ভিসা আবেদন করার আগে প্রয়োজনীয় সব নথিপত্র সতর্কতার সঙ্গে প্রস্তুত করা, আবেদনপত্রে নির্ভুল তথ্য প্রদান, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ সংযুক্ত করা এবং ভিসা সাক্ষাৎকারের জন্য আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।
এ ছাড়া নির্বাচিত কোর্সের সঙ্গে নিজের একাডেমিক বা পেশাগত পটভূমির যৌক্তিক সম্পর্ক তুলে ধরা, শিক্ষা বা চাকরিজীবনের বিরতির গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রস্তুত রাখা এবং ভাষাগত দক্ষতার নির্ধারিত মান পূরণ করলে স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ে।