ঢাকা

রাজধানীতে সাইপ্রাস স্টাডি এক্সপো, উচ্চশিক্ষার সুযোগ জানলেন শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সাইপ্রাসে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইউক্ল্যান সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬ (UCLan Cyprus Education Expo 2026)। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এই শিক্ষা মেলায় অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা সাইপ্রাসে পড়াশোনা, ভর্তি, বৃত্তি, ভিসা-সংক্রান্ত প্রাথমিক তথ্য এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন।

আয়োজকেরা জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ইউরোপে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। সেই আগ্রহকে সামনে রেখে শিক্ষার্থীদের সঠিক তথ্য ও পরামর্শ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এক্সপোতে অংশগ্রহণকারীরা বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, আবেদনপদ্ধতি, ভর্তি-যোগ্যতা, টিউশন ফি, স্কলারশিপ এবং শিক্ষাজীবন শেষে কর্মজীবনের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউক্ল্যান সাইপ্রাসের অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক রবার্ট জর্জিয়াডেস। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভর্তি-প্রক্রিয়া, শিক্ষার্থী সহায়তা ব্যবস্থা, বৃত্তির সুযোগ এবং বৈশ্বিক কর্মবাজারে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

তিনি বলেন, ইউক্ল্যান সাইপ্রাস আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বহুসাংস্কৃতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক শিক্ষাসুবিধার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে গুরুত্ব দিয়ে থাকে।

অনুষ্ঠানে সিএইচএস (CHS)-এর প্রতিষ্ঠাতা প্রতিনিধি মো. এনামুল হক উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আবেদন-প্রক্রিয়া থেকে শুরু করে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ পান। বিশেষ করে ভর্তি-যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজনীয়তা, স্কলারশিপের ধরন, আবাসন সুবিধা, শিক্ষার্থী সহায়তা এবং স্নাতকোত্তর কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ইউরোপের বিভিন্ন দেশে মানসম্মত শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কার্যকর দিকনির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স