ঢাকা

বাংলাদেশি তরুণীর আন্তর্জাতিক সাফল্য, রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে হালিমা ইয়াসমিন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বের আরেকটি নতুন সাফল্য এসেছে। রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ–২০২৬’–এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন হালিমা ইয়াসমিন মুক্তা। প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক বাছাইপ্রক্রিয়ায় তিনি ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

বর্তমানে হালিমা ইয়াসমিন লিথুয়ানিয়ার কনাস শহরের লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি–তে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থী।

ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর যাতায়াত, আবাসন, হোটেল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়সহ পুরো আয়োজনের খরচ বহন করবে আয়োজক সংস্থা।

১৯১ দেশের আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচন

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের ১৯১টি দেশের তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করে রাশিয়ার যুববিষয়ক কেন্দ্রীয় সংস্থা রজমলোদেজ (Rosmolodezh) এবং ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর। দীর্ঘ ও প্রতিযোগিতামূলক মূল্যায়নের পর বিভিন্ন দেশের নির্বাচিত প্রতিনিধিদের তালিকায় স্থান করে নেন হালিমা ইয়াসমিন।

সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, উদ্যোক্তা, খেলাধুলা, মিডিয়া-ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্যাটেগরিতে আবেদন গ্রহণ করা হয়। হালিমা ইয়াসমিন ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’—এই দুটি ক্যাটেগরিতে আবেদন করে নির্বাচিত হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লিথুয়ানিয়া

হালিমা ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। এরপর পর্যটন খাতে পেশাজীবন শুরু করেন।

তিনি দেশের অন্যতম ভ্রমণবিষয়ক স্টার্টআপ শেয়ারট্রিপ–এ ‘ভিসা প্রসেসিং অ্যানালিস্ট’ হিসেবে কাজ করেছেন। এছাড়া শ্রীলঙ্কাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান উইংস ট্রাভেলস–এও দায়িত্ব পালন করেন।

পর্যটন ও আতিথেয়তা খাতে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্য নিয়ে গত বছরের ডিসেম্বরে তিনি লিথুয়ানিয়ায় যান। তাঁর বাবা দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী এবং মা রাজিয়া সুলতানা গৃহিণী।

‘বাংলাদেশকে তুলে ধরার সুযোগ’

নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে হালিমা ইয়াসমিন বলেন, আবেদন করার পর তিনি প্রায় বিষয়টি ভুলেই গিয়েছিলেন। নির্বাচিত হওয়া, তাও আবার সম্পূর্ণ অর্থায়নে—এমন সুযোগ পাবেন, তা কল্পনাও করেননি।

তিনি বলেন, এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সংস্কৃতি, সম্ভাবনা ও তরুণদের সক্ষমতা তুলে ধরতে পারা তাঁর জন্য গর্বের বিষয়।

তাঁর ভাষায়, উন্নয়নশীল দেশের তরুণদের মেধা, সততা ও পরিশ্রমকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা, সফল উদ্যোক্তা ও মেন্টরদের কাছ থেকে শেখা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ কাজে লাগাতে চান তিনি।

হালিমা জানান, লিথুয়ানিয়ায় পড়াশোনা শেষে দেশে ফিরে পর্যটন ও আতিথেয়তা খাতে নিজস্ব একটি স্টার্টআপ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাঁর। এই ফেস্টিভ্যালের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারী ও আন্তর্জাতিক মেন্টরদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলাও তাঁর অন্যতম লক্ষ্য।

সেপ্টেম্বরে বসছে বিশ্বের অন্যতম বৃহৎ যুব উৎসব

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ–২০২৬।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১০ হাজার তরুণ প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে ৫ হাজার প্রতিনিধি রাশিয়ার বাইরে বিশ্বের ১৯১টি দেশ থেকে আমন্ত্রিত হবেন।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাতের বিশেষজ্ঞ, বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে মতবিনিময়, অংশীদারত্ব গড়ে তোলা এবং নিজস্ব প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।

বাংলাদেশ থেকে নির্বাচিত হতে পারেন ৯০ প্রতিনিধি

ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের প্রেস টিম জানিয়েছে, এবারের উৎসবে বাংলাদেশ থেকে মোট ৯০ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।

তবে নির্বাচন প্রক্রিয়া এখনো চলমান থাকায় বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে কতজন নির্বাচিত হয়েছেন, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এ ছাড়া আয়োজক সংস্থা জানিয়েছে, সর্বোচ্চ নম্বর পাওয়া প্রতিনিধিদের জন্য সম্পূর্ণ অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে নির্বাচিত আরও কিছু অংশগ্রহণকারী আংশিক অর্থায়নের সুবিধাও পাবেন। পাশাপাশি উৎসবে অংশগ্রহণকারী সব বিদেশি প্রতিনিধির জন্য রাশিয়ার ভিসা ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স