ঢাকা

এসইউবির গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা, উদ্বোধন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
গবেষণাকে আরও সুসংগঠিত, ফলপ্রসূ ও সমাজমুখী করতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)–এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট। নতুন এ বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রকাশনা বৃদ্ধি এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অ্যালপার্ট মেডিক্যাল স্কুলের অধ্যাপক রুহুল আবিদ। তিনি ফিতা কেটে বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গবেষণার লক্ষ্য হতে হবে মানুষের কল্যাণ

উদ্বোধনী অনুষ্ঠানের পর অধ্যাপক রুহুল আবিদ ‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ইন ইমপ্রুভিং ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার ডেলিভারি সার্ভিস’ শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

তিনি বলেন, গবেষণার উদ্দেশ্য কেবল নতুন জ্ঞান সৃষ্টি বা একাডেমিক প্রকাশনায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং গবেষণার প্রকৃত মূল্য নিহিত রয়েছে বাস্তব জীবনের সমস্যার সমাধান, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগে।

তিনি শিক্ষার্থী ও গবেষকদের প্রমাণভিত্তিক, সময়োপযোগী এবং জনকল্যাণমুখী গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

গবেষণার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামিম।

তিনি বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত এমন জ্ঞান, উদ্ভাবন ও সমাধান সৃষ্টি করা, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখবে।

তিনি বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, জ্ঞানচর্চা এবং গবেষণামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ডা. শামিম বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে সমাজে অর্থবহ পরিবর্তন আনা এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন শিক্ষাবিদ ও গবেষকের সবচেয়ে বড় সাফল্য।

মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনার সুযোগ বাড়বে

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও এসইউবির ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এম এ রশিদ, এসইউবির উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফজালুর রহমান।

সমাপনী বক্তব্যে এসইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. হাসান কাউসার বলেন, নবপ্রতিষ্ঠিত রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন বিভাগের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা বাড়বে, মানসম্মত গবেষণা পরিচালনা সহজ হবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনার সুযোগও বৃদ্ধি পাবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত গবেষণালব্ধ জ্ঞান সমাজ, শিল্পখাত, স্বাস্থ্যসেবা এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক-গবেষকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, গবেষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন গবেষণা ও প্রকাশনা বিভাগ এসইউবিকে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স