ঢাকা

ইনফান্তিনোর বিরুদ্ধে জোটবদ্ধ বিরোধীরা, ফিফার কার্যক্রম বয়কটের হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের কয়েকটি প্রভাবশালী কনফেডারেশন। তাদের দাবি, তিনি স্বেচ্ছায় দায়িত্ব না ছাড়লে ফিফার প্রশাসনিক কার্যক্রম বর্জন থেকে শুরু করে বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মতো পদক্ষেপও বিবেচনায় নেওয়া হবে।

সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাতিল হলেও এরপর থেকেই তাঁর ওপর নেতৃত্ব ছাড়ার চাপ আরও বেড়েছে। যদিও তিনি পুরোনো সমর্থকদের পাশে রাখার চেষ্টা করছেন, বিরোধীদের অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উয়েফা, কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা আগামী মার্চে ইনফান্তিনো আবারও সভাপতি পদে নির্বাচনে দাঁড়ালে তাঁর পথ রোধে একাধিক কৌশল নির্ধারণ করেছেন।

পরিকল্পনার অংশ হিসেবে ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির সভা বর্জন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদনে অংশ না নেওয়া এবং প্রয়োজনে বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ও আলোচনায় রয়েছে। জানা গেছে, অতীতে উয়েফা বৈশ্বিক নেশনস লিগ আয়োজনের একটি ধারণা তৈরি করেছিল, যা প্রয়োজনে নতুন করে বিবেচনায় আসতে পারে।

ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশ প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা সামনে আসার পর তাঁর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিরোধী পক্ষের বিশ্বাস—ইনফান্তিনো দায়িত্ব না ছাড়লে তাঁকে সরাতে প্রয়োজনীয় সব ধরনের সাংগঠনিক উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতার নতুন কাঠামো গড়ে তোলার বিষয়ও রয়েছে।

প্রয়োজনে ফিফা কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হতে পারে। কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন দিলে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রস্তাব উত্থাপন করা সম্ভব হবে।

ইতোমধ্যে ইউরোপের কয়েকটি জাতীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর প্রতি আগের সমর্থন প্রত্যাহার করেছে বা সেই সিদ্ধান্তের পথে রয়েছে। এর মধ্যে ইংল্যান্ড, ওয়েলস, সার্বিয়া ও সুইডেনের ফুটবল সংস্থাগুলোর নাম উল্লেখযোগ্য।

ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব ফুটবলে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ফিফার নেতৃত্ব এবং প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রয়োজন। একই ধরনের অবস্থান নিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনও। তাদের ভাষ্য, নেতৃত্ব, সুশাসন, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ এবং মূল্যবোধের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতার কারণে ইনফান্তিনোর প্রতি তাদের আস্থা আর অবশিষ্ট নেই।

এদিকে উয়েফা ইনফান্তিনোর কাছে আইনজীবীদের মাধ্যমে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। সেখানে ফিফার একটি বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা, সালিসি কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ করার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথি, ই-মেইল ও তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা বা ধ্বংস করা না হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স