ঢাকা

আইসিসিআরের বৃত্তিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৬-এর আওতায় উচ্চশিক্ষার জন্য ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী। এ উপলক্ষে নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর আইসিসিআর বৃত্তির জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭ হাজার ৭০০ জন শিক্ষার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ৫৪১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। আইসিসিআর বৃত্তির আওতায় তারা শিক্ষা গ্রহণের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, ভাষা ও সমাজ সম্পর্কে জানার সুযোগও পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একাডেমিক অংশীদারত্ব ও বৃত্তি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ভারত ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারতে যাচ্ছেন না, বরং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি শিক্ষার্থীদের ভারতে অবস্থানকালে বাংলাদেশের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

হাইকমিশনার আরও বলেন, শিক্ষা বিনিময় কর্মসূচি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান, গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার নতুন যাত্রা নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স