ঢাকা

আইইউবিএটিতে উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিযোগিতা: নতুন ভাবনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজিত দুই দিনব্যাপী ‘উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি) আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক দলের ৩৭০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেন। ১০টি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত এ আয়োজনজুড়ে শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণালব্ধ ধারণা এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।

গত ১ ও ২ আগস্ট (শনি ও রোববার) আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ উদ্ভাবকদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং গবেষণাভিত্তিক সমাধান তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।

এবারের প্রতিযোগিতায় মোট ১০টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো—প্রকল্প প্রদর্শনী, গবেষণা পোস্টার উপস্থাপন, লাইন অনুসরণকারী রোবট (লাইন ফলোয়ার), সকার রোবট, রেসিং রোবট, ট্রাস ডিজাইন, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণ (সিসমিক), সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন), ব্যবসায়িক কেস বিশ্লেষণ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যার সমাধান, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণাভিত্তিক নতুন ধারণা উপস্থাপন করেন।

বিভিন্ন বিভাগে সেরা দল হিসেবে বিজয়ী হয় প্রকল্প প্রদর্শনী বিভাগে ‘এগ্রি স্পার্ক’, গবেষণা পোস্টার উপস্থাপনায় ‘সোলার সোলস’, ট্রাস ডিজাইন প্রতিযোগিতায় ‘জেন সিভিল’, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণ বিভাগে ‘লিংক স্পেস’, সকার রোবট বিভাগে ‘এএইচ ফাইটার’, লাইন অনুসরণকারী রোবট বিভাগে ‘নেক্সট জেন রোবোটিকস’, রেসিং রোবট বিভাগে ‘এএইচ রোভার’, ব্যবসায়িক কেস বিশ্লেষণ বিভাগে ‘অ্যাসেট ক্লাস’, উদ্ভাবনী ধারণা উপস্থাপনায় ‘সোলার সোল’ এবং সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন) বিভাগে ‘ওয়েব জারএক্স’।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও স্মারক উপহার বিতরণ করা হয়। বিজয়ী দলগুলোর সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি সর্বমোট ৭৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়।

আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের (আইআইইসি) পরিচালক নাঈম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর ভাষ্য, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬’-এর ধারণা ও পরিকল্পনা প্রণয়ন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। এসব আয়োজন শিক্ষার্থী, সাবেক সদস্য এবং সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ জোরদারে সহায়ক ভূমিকা রাখে।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাধারা, গবেষণার প্রতি আগ্রহ, প্রযুক্তির কার্যকর ব্যবহার, বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো। একই সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স