ঢাকা

সিটি করপোরেশন নির্বাচন: ১১ সিটে প্রার্থী ঠিক করেছে জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশের আরও তিনটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর ফলে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ১১টিতে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকা তৈরি হয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রার্থীর কেউই এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, বাকি দুটি সিটি করপোরেশন—কুমিল্লা ও নবগঠিত বগুড়ায়—মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এখনো যাচাই-বাছাই চলছে। এসব সিটিতে একাধিক নাম আলোচনায় রয়েছে। তাঁদের বিষয়ে আরও পর্যালোচনার পর প্রার্থী চূড়ান্ত করা হবে।

এর আগে গত ২২ জুন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আটটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছিল। এরপর রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ সিটি করপোরেশনের জন্য আরও তিনজনের নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে।

রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে প্রার্থী

দলীয় সূত্র অনুযায়ী, গত ১১ আগস্ট জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তিনি রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির।

এরপর ৪ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়। সিলেট মহানগর জামায়াত আয়োজিত একটি শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম তাঁর নাম ঘোষণা করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের জন্য প্রায় দুই মাস আগেই মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।

শহীদুল্লাহ কায়সার আজ শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ময়মনসিংহ সফরে গিয়ে শুরা বৈঠক ডাকেন। ওই বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

আট সিটিতে আগেই প্রার্থী ঠিক

এর আগে গত ২২ জুন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আটটি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়।

দলীয় সূত্রের দেওয়া তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিককে (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী করা হচ্ছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনায় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

ফলে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের তিন প্রার্থীকে যুক্ত করলে ১৩টি সিটির মধ্যে ১১টিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকা তৈরি হলো।

এখনো আনুষ্ঠানিক ঘোষণা নয়

জামায়াতের সূত্রগুলো বলছে, স্থানীয় পর্যায়ে প্রার্থীদের নাম নির্ধারণ করা হলেও কেন্দ্রীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মজলিশে শুরার অনুমোদনের পর স্থানীয় সরকার নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে ১১টি সিটি করপোরেশনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো প্রার্থীকেই চূড়ান্ত বলা যাবে না।

দলের এই বক্তব্যের ফলে বর্তমানে আলোচনায় থাকা প্রার্থীদের অবস্থানকে প্রাথমিক পর্যায়ের দলীয় মনোনয়ন হিসেবেই দেখা হচ্ছে। কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের পর তালিকায় পরিবর্তন আসার সুযোগও রয়েছে।

স্থানীয় নির্বাচনে শরিকদের আলাদা প্রার্থী

জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় ঐক্যের অংশীদার দলগুলো একসঙ্গে নির্বাচনে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো আলাদাভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে কোনো সিটি করপোরেশনে শরিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলে কেন্দ্র থেকে এতে বাধা দেওয়া হবে না বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি দলের নিজস্ব প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও স্থানীয় পর্যায়ে সমঝোতার ভিত্তিতে প্রার্থী কমিয়ে আনার সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

কুমিল্লায় আলোচনায় তিনজন

১১টি সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী নির্ধারণ করা হলেও কুমিল্লা সিটি করপোরেশনে এখনো কোনো নাম চূড়ান্ত করেনি জামায়াত।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিনের নাম আলোচনায় রয়েছে।

স্থানীয় পর্যায় থেকে এসব নাম কেন্দ্রের কাছে প্রস্তাব করা হয়েছে। তাঁদের সাংগঠনিক অবস্থান, স্থানীয় গ্রহণযোগ্যতা ও নির্বাচনী প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বগুড়ায়ও একাধিক নাম

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনেও জামায়াতের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

এ সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস আ খ ম আব্দুল মালেক এবং শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলের নাম আলোচনায় রয়েছে।

তবে তাঁদের মধ্যে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, কুমিল্লা ও বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। স্থানীয় জামায়াতের পক্ষ থেকে কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে এবং তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

তিনি জানান, দলের আগামী নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। ওই বৈঠক আগামী মাসে হতে পারে বলেও জানান তিনি।

১৩ সিটির মধ্যে ১১টিতে সম্ভাব্য প্রার্থী

সব মিলিয়ে জামায়াতের দলীয় প্রক্রিয়ায় দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ১১টিতে সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। কুমিল্লা ও বগুড়া সিটিতে এখনো যাচাই-বাছাই চলছে।

তবে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের বক্তব্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে নাম ঘোষণা হলেও কেন্দ্রীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বলা হচ্ছে না। ফলে মজলিশে শুরার সিদ্ধান্ত এবং পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার পরই ১৩টি সিটি করপোরেশনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি স্পষ্ট হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স