ঢাকা

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহকের টাকা তুলতে না দেওয়ার বিষয়ে হাইকোর্টের রুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


নিজ নিজ ব্যাংক হিসাবে টাকা জমা থাকা সত্ত্বেও তা তুলতে পারছেন না—এমন অভিযোগে ন্যাশনাল ব্যাংক পিএলসির চার গ্রাহকের করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের রুলে জানতে চাওয়া হয়েছে, চার গ্রাহককে তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবে থাকা আমানত উত্তোলনের সুযোগ না দেওয়ার নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না। একই সঙ্গে তাঁদের হিসাব থেকে জমা অর্থ তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

চার গ্রাহকের রিট

ন্যাশনাল ব্যাংকের গ্রাহক লাকি আক্তার, নাসিমা বেগম, মোছা. সাথী বেগম ও মো. আরিফ মিয়া গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টে রিটটি করেন।

রিটে বলা হয়েছে, তাঁদের প্রত্যেকের ব্যাংক হিসাবে অর্থ থাকার পরও প্রয়োজন অনুযায়ী সেই অর্থ উত্তোলন করতে পারেননি তাঁরা।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মারুফ উল আবেদ। তিনি জানান, নিজেদের টাকা তুলতে না পেরে চার গ্রাহক বিভিন্ন সময়ে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে আবেদন করেছিলেন। তবে তাতে সমস্যার সমাধান হয়নি।

পরে তাঁরা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগে ই-মেইল ও অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ করেন। সেখান থেকেও কার্যকর প্রতিকার না পাওয়ার পর তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন।

হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের কাছে করা চার গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্যও নির্দেশ দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স