দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আওতায় মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে। ফুল-ফান্ডেড এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, খাবার ও আন্তর্জাতিক শিক্ষার্থী ভাতা, গবেষণা সহায়তা এবং একমুখী বিমানভাড়াসহ বিভিন্ন সুবিধা পাবেন।
জিআইএসটি দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
যেসব প্রোগ্রামে পড়ার সুযোগ
জিআইএসটির বৃত্তির আওতায় বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স
ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং
এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং
লাইফ সায়েন্স
ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স
কেমিস্ট্রি
বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
এআই কনভারজেন্স
সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং
এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি
মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর, পিএইচডি প্রোগ্রামের মেয়াদ সাত বছর এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামের মেয়াদ সর্বোচ্চ আট বছর।
আবেদনের যোগ্যতা
জিআইএসটি স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীদের কয়েকটি মৌলিক যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীর সর্বশেষ অর্জিত ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে।
এ ছাড়া প্রার্থীকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। এ বৃত্তি মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য নির্দিষ্ট পরীক্ষার স্কোর গ্রহণ করা হবে। উদাহরণ হিসেবে টোয়েফল আইবিটি ৮০, টোয়েফল পিবিটি ৫৫০, আইইএলটিএস ৬.৫ এবং টোয়েইক ৭৫০ বা সমমানের স্কোর গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
কী কী সুবিধা পাওয়া যাবে
জিআইএসটি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি আর্থিক সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
প্রতি সেমিস্টারে ৩৬ লাখ ৭ হাজার কোরিয়ান ওন সমপরিমাণ টিউশন ফি বৃত্তির আওতায় কভার করা হবে।
এ ছাড়া মাস্টার্স শিক্ষার্থীরা মাসে ১ লাখ ৪০ হাজার ওন এবং পিএইচডি শিক্ষার্থীরা মাসে ২ লাখ ৯৫ হাজার ওন ভাতা পাবেন।
শিক্ষার্থীদের জন্য খাবার ভাতাও রয়েছে। মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা প্রতি মাসে প্রায় ১ লাখ ওন খাবার ভাতা পাবেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ লাখ ২০ হাজার ওন ভাতার ব্যবস্থাও রয়েছে। তবে এ সুবিধা পেতে আগের সেমিস্টারে ৪.৫-এর মধ্যে ন্যূনতম ৩.০ জিপিএ বজায় রাখার শর্ত রয়েছে।
গবেষণা সহকারি হিসেবে অতিরিক্ত অর্থ
গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য আলাদা গবেষণা সহকারী ভাতার সুযোগ রয়েছে। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বছরে ৬৪ লাখ ওন এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা বছরে ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ওন পর্যন্ত গবেষণা সহকারী ভাতা পেতে পারেন।
এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের একমুখী বিমানভাড়াও বৃত্তির আওতায় দেওয়া হবে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সুবিধা রয়েছে। জাতীয় স্বাস্থ্যবিমার ৬০ শতাংশ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার খরচ কভার করা হবে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—
পূরণ করা অনলাইন আবেদন ফরম;
অফিশিয়াল ডিগ্রি সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
অ্যাপোস্টিল বা কোরিয়া দূতাবাস কর্তৃক সত্যায়িত শিক্ষাগত নথি;
দুটি সুপারিশপত্র;
বৈধ পাসপোর্টের কপি;
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
আবেদনকারীদের শিক্ষাগত নথি ও অন্যান্য কাগজপত্র নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রস্তুত করে জমা দিতে হবে। আবেদন করার আগে প্রয়োজনীয় নথির ধরন ও সত্যায়নসংক্রান্ত শর্ত ভালোভাবে যাচাই করা প্রয়োজন।
আবেদন করবেন যেভাবে
জিআইএসটি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার পর জিআইএসটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস কো-অর্ডিনেটর ই-মেইলের মাধ্যমে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবেন। ভর্তির নোটিশ পাওয়ার পর প্রার্থীকে ১৫ দিনের মধ্যে উত্তর দিতে হবে।
যেসব আবেদনকারী আবেদন ফি দিতে আর্থিকভাবে অক্ষম, তারা ফি মওকুফের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের শেষ তারিখ ও ফল প্রকাশ
২০২৭ শিক্ষাবর্ষের জিআইএসটি স্কলারশিপে আবেদনের শেষ সময় ৭ অক্টোবর ২০২৬।
আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশের নির্ধারিত তারিখ ৪ ডিসেম্বর ২০২৬।
তাই আগ্রহী শিক্ষার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করা উচিত।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
প্রতিষ্ঠান: গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি), দক্ষিণ কোরিয়া
শিক্ষাবর্ষ: ২০২৭
প্রোগ্রাম: মাস্টার্স, পিএইচডি ও সমন্বিত এমএস/পিএইচডি
বৃত্তির ধরন: ফুল ফান্ডেড
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৬
আবেদনকারী: আন্তর্জাতিক শিক্ষার্থী
জিআইএসটি স্কলারশিপের যোগ্যতা, বিষয়ভিত্তিক শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট তথ্যসূত্র যাচাই করে আবেদন করা উচিত।
জিআইএসটি স্কলারশিপের বিস্তারিত তথ্য